জানাজা
৫/৭. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির জন্য কাঁদা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَنْ أَنَسٍ قَالَ: دَخَلْنَا مَعَ رَسُولِ اللّهِ ﷺ عَلى أَبِىْ سَيْفٍ الْقَيْنِ وَكَانَ ظِئْرًا لِإِبْرَاهِيمَ فَأَخَذَ رَسُولُ اللّهِ ﷺ إِبْرَاهِيْمَ فَقَبَّلَه وَشَمَّه ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ بَعْدَ ذلِكَ وَإِبْرَاهِيْمُ يَجُودُ بِنَفْسِه فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللّهِ ﷺ تَذْرِفَانِ. فَقَالَ لَه عَبْدُ الرَّحْمنِ بْنُ عَوْفٍ: وَأَنْتَ يَا رَسُولَ اللّهِ؟ فَقَالَ: «يَا ابْنَ عَوْفٍ إِنَّهَا رَحْمَةٌ ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرى فَقَالَ: إِنَّ الْعَيْنَ تَدْمَعُ وَالْقَلْبَ يَحْزَنُ وَلَا نَقُوْلُ إِلَّا مَا يُرْضِىْ رَبَّنَا وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيْمَ لَمَحْزُوْنُوْنَ». (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী আনাস (রাঃ)
আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে আবূ সায়ফ কর্মকারের ঘরে প্রবেশ করলাম। তিনি ছিলেন রাসূলুল্লাহ (ﷺ) এর পুত্র ইব্রাহীমের ধাত্রীর স্বামী। রাসূলুল্লাহ (ﷺ) ইব্রাহীমকে কোলে তুলে নিলেন, চুমু খেলেন ও শুঁকলেন।এরপর আমরা আবার একদিন আবু সায়ফ-এর ঘরে গেলাম। এ সময় নবীতনয় মৃত্যু শয্যায়। (তার এ অবস্থা দেখে) রাসূলুল্লাহ (ﷺ) এর দুইচোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। এ অবস্থা দেখে ‘আবদুর রাহমান ইবনু ‘আওফ আরয করলেন, হে আল্লাহর রাসূল! আপনি কাঁদছেন! তিনি (ﷺ) বললেনঃ হে ইবনু ‘আওফ! এটা আল্লাহর রহ্মাত। তারপরও তাঁর দুইচোখ বেয়ে পানি পড়তে লাগল। তিনি (ﷺ) বললেনঃ চোখ পানি বহাচ্ছে, হৃদয় শোকাহত। কিন্তু এরপরও আমাদের মুখ দিয়ে এমন শব্দ বেরুচ্ছে যার জন্য আমাদের পরওয়ারদিগার আমদের উপর সন্তুষ্ট। হে ইব্রাহীম! আমরা তোমার বিচ্ছেদে খুবই শোকাহত। (বুখারী, মুসলীম) [১]
[১] সহীহ : বুখারী ১৩০৩, মুসলিম ২৩১৫, শু‘আবুল ঈমান ৯৬৮৮।