পানীয় ও পানপাত্র
৩০/১. অধ্যায়ঃ
শরাব সমস্ত পাপ কাজের প্রসূতি
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৩৭১
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، ح وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، جَمِيعًا عَنْ رَاشِدٍ أَبِي مُحَمَّدٍ الْحِمَّانِيِّ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ أَوْصَانِي خَلِيلِي ـ صلى الله عليه وسلم ـ " لاَ تَشْرَبِ الْخَمْرَ فَإِنَّهَا مِفْتَاحُ كُلِّ شَرٍّ " .
বর্ণনাকারী আবূ দারদা (রাঃ),
আমার বন্ধু (ﷺ) আমাকে উপদেশ দিয়েছেন : শরাব পান করো না, কারণ তা সমস্ত পাপাচারের প্রসূতি।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩৩৭১] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। সহীহ আল-জামি' ৭৩৩৪, আত-তালীকুর রাগীব ১/১৯৬। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ১. রাশিদ আবু মুহাম্মাদ আল-হিম্মানী সম্পর্কে আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করতেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৮২৯, ৯/১৬ নং পৃষ্ঠা) ২. শাহর বিন হাওশাব সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও ইয়াকুব বিন সুফইয়ান এবং আল-আজালী বলেন, তিনি সিকাহ। শু'বাহ ইবনুল হাজ্জাজ তাকে বর্জন করেছেন। আহমাদ বিন হাম্বল ও আবু হাতিম আর-রাযী বলেন, কোন সমস্যা নেই। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৭৮১, ১২/৫৭৮ নং পৃষ্ঠা) ৩. আবদুল ওয়াহহাব সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহন করা যায়। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি দুর্বল। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। যাকারিয়্যা বিন ইয়াহইয়া আস-সাজী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৬০৫, ১৮/৫০৯ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৩৭২
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا مُنِيرُ بْنُ الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ عُبَادَةَ بْنَ نُسَىٍّ، يَقُولُ سَمِعْتُ خَبَّابَ بْنَ الأَرَتِّ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ " إِيَّاكَ وَالْخَمْرَ فَإِنَّ خَطِيئَتَهَا تَفْرَعُ الْخَطَايَا كَمَا أَنَّ شَجَرَتَهَا تَفْرَعُ الشَّجَرَ " .
বর্ণনাকারী খাব্বাব ইবনুল আরাত্তি (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ সাবধান! শরাব পরিহার করো। কারণ শরাবের পাপ অন্যান্য পাপাচারকে আওতাভুক্ত করে নেয়, যেমন তার গাছ (আঙ্গুর গাছ) অন্যান্য গাছের উপর বিস্তারিত হয়।
তাহকীক আলবানীঃ দূর্বল।[৩৩৭২] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। আত-তালীকুর রাগীব ৩/১৮২। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী ১. আল-আব্বাস বিন উসমান আদ-দিমাশকী সম্পর্কে আবুল হাসান বিন সুমায় বলেন, তিনি সিকাহ। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি কখনো কখনো সিকাহ রাবীর বিপরীত হাদিস বর্ণনা করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। ইমাম যাহাবী বলেন, তিনি সিকাহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩১৩২, ১৪/২৩৩ নং পৃষ্ঠা) ২. মুনীর ইবনুয যুবায়র সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী, ইমাম যাহাবী ও দুহায়ম আদ-দিমাশকী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬২১২, ২৫/৫৭৩ নং পৃষ্ঠা)
৩০/২. অধ্যায়ঃ
যে ব্যক্তি দুনিয়াতে শরাব পান করে, সে আখেরাতে তা থেকে বঞ্চিত থাকবে
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৩৭৩
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا لَمْ يَشْرَبْهَا فِي الآخِرَةِ إِلاَّ أَنْ يَتُوبَ " .
বর্ণনাকারী ইবনু উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি দুনিয়াতে শরাব পান করলো, সে তা থেকে তওবা না করলে, আখিরাতে তা পান করতে পারবে না।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩৩৭৩] সহীহুল বুখারী ৫৫৭৫, মুসলিম ১৪৮৬, ১৪৯০, ২০০৩, তিরমিযী ১৮৬১, নাসায়ী ৫৬৭১, ৫৬৭৩, ৫৬৭৪,আবু দাউদ ৩৬৭৯, আহমাদ ৪৬৭৬, ৪৭১৫, ৪৮০৮, ৪৮৯৭, মুয়াত্তা মালেক ১৫৯৭, দারেমী ২০৯০, রাওদুন নাদীর ৫৬১। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৩৭৪
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنِي زَيْدُ بْنُ وَاقِدٍ، أَنَّ خَالِدَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ حُسَيْنٍ، حَدَّثَهُ قَالَ حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا لَمْ يَشْرَبْهَا فِي الآخِرَةِ " .
বর্ণনাকারী আবূ হুরায়রাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যে ব্যক্তি দুনিয়াতে শরাব পান করে, সে আখিরাতে তা পান করতে পারবে না।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩৩৭৪] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ সহীহ।
৩০/৩. অধ্যায়ঃ
শরাবখোর
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৩৭৫
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ الأَصْبَهَانِيِّ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مُدْمِنُ الْخَمْرِ كَعَابِدِ وَثَنٍ " .
বর্ণনাকারী আবূ হুরায়রাহ (রাঃ),
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শরাবখোর (পাপের ক্ষেত্রে) মূর্তিপূজকের সমতুল্য।
তাহকীক আলবানীঃ হাসান।[৩৩৭৫] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। সহীহাহ ৬৭৭। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী ১. মুহাম্মাদ বিন সুলায়ম আল-আসবাহানী সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি হাদিস বর্ণনায় ইদতিরাব করেন। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল ও সিকাহ রাবীর বিপরীত হাদিস বর্ণনা করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫২৬২, ২৫/৩০৮ নং পৃষ্ঠা) ২. সুহায়ল বিন আবু সালিহ সম্পর্কে মুহাম্মাদ বিন সাঈদ বলেন, তিনি সিকাহ। সুফইয়ান বিন উয়াইনাহ বলেন, সাবত। আহমাদ বিন হাম্বল বলেন, তার বর্ণিত হাদিস সহিহ নয়। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। ইবনু আদী বলেন, তার খবর মাকবুল বা গ্রহণযোগ্য। ইবনু হিব্বান বলেন, তিনি সিকাহ তবে অন্যত্র বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৬২৯, ১২/২২৩ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৩৭৬
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ، حَدَّثَنِي يُونُسُ بْنُ مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ، عَنْ أَبِي إِدْرِيسَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " لاَ يَدْخُلُ الْجَنَّةَ مُدْمِنُ خَمْرٍ " .
বর্ণনাকারী আবূ দারদা (রাঃ)
নবী (ﷺ) বলেনঃ শরাব পানে অভ্যস্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩৩৭৬] আহমাদ ২৬৯৩৮, সহীহাহ ৬৭৫, ৬৭৮। তাহকীক আলবানীঃ সহীহ।
৩০/৪. অধ্যায়ঃ
যে ব্যক্তি শরাব পান করে তার নামায কবুল হয় না
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৩৭৭
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ الدَّيْلَمِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ شَرِبَ الْخَمْرَ وَسَكِرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ صَبَاحًا وَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ وَإِنْ عَادَ فَشَرِبَ فَسَكِرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ وَإِنْ عَادَ فَشَرِبَ فَسَكِرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ وَإِنْ عَادَ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يَسْقِيَهُ مِنْ رَدْغَةِ الْخَبَالِ يَوْمَ الْقِيَامَةِ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا رَدْغَةُ الْخَبَالِ قَالَ " عُصَارَةُ أَهْلِ النَّارِ " .
বর্ণনাকারী আবদুল্লাহ বিন আমর (রাঃ),
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি শরাব পান করে এবং মাতাল হয়, চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। সে মারা গেলে জাহান্নামে প্রবেশ করবে। আর যদি সে তওবা করে, তবে আল্লাহ তার তওবা কবুল করবেন।সে পুনরায় শরাব পানে লিপ্ত হলে এবং মাতাল হলে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। যদি সে অবস্থায় মারা যায়, তবে জাহান্নামে যাবে। আর যদি সে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন।আবারো যদি সে ফিরে যায়, শরাব পান করে, মাতাল হয়, চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। যদি সে মারা যায়, তবে জাহান্নামে যাবে। যদি সে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন।আবারো যদি সে ফিরে যায়, তবে কেয়ামতের দিন আল্লাহ তাকে ‘রাদগাতুল খাবাল’ পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ! ‘রাদগাতুল খাবাল’ কী? তিনি বলেন: জাহান্নামীদের দেহ থেকে নির্গত পুঁজ ও রক্ত।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩৩৭৭] তিরমিযী ১৮৬২, নাসায়ী ৫৬৬৪, ৫৬৭০, আহমাদ ৬৬০৬, ৬৭৩৪, দারেমী ২০৯১, সহীহাহ ৭০৯, আত-তালীক আলা ইবনু খুযাইমাহ ৯৩৯, তাখরীজুল ঈমান লি ইবনুস সালাম ৯১, মিশকাত ৩৬৮৮। তাহকীক আলবানীঃ সহীহ।
৩০/৫. অধ্যায়ঃ
যা থেকে শরাব তৈরি হয়
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৩৭৮
حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ الْيَمَامِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا أَبُو كَثِيرٍ السُّحَيْمِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " الْخَمْرُ مِنْ هَاتَيْنِ الشَّجَرَتَيْنِ النَّخْلَةِ وَالْعِنَبَةِ " .
বর্ণনাকারী আবূ হুরায়রাহ(রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শরাব এ দুটি গাছ থেকে তৈরি হয়: খেজুর গাছ ও আঙ্গুর গাছ।
তাহকীক আলবানীঃ সহিহ।[৩৩৭৮] মুসলিম ১৯৮৫, তিরমিযী ১৮৭৫, নাসায়ী ৫৫৭২, ৫৫৭৩, আবু দাউদ ৩৬৭৮, আহমাদ ৭৬৯৫, ৯০৩৯, ৯৭৯০, ১০০৬৭, ১০৩৩১, ১০৩৩২, ১০৪২৬, দারেমী ২০৯৬। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ইকরিমাহ বিন আম্মার সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি কোন সিকাহ রাবী থেকে হাদিস বর্ণনা করলে তার হাদিস গ্রহণযোগ্য। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো সন্দেহ করেন। আহমাদ বিন সালিহ আল-জায়লী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪০০৮, ২০/২৫৬ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৩৭৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ خَالِدَ بْنَ كَثِيرٍ الْهَمْدَانِيَّ، حَدَّثَهُ أَنَّ السَّرِيَّ بْنَ إِسْمَاعِيلَ حَدَّثَهُ أَنَّ الشَّعْبِيَّ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِنَّ مِنَ الْحِنْطَةِ خَمْرًا وَمِنَ الشَّعِيرِ خَمْرًا وَمِنَ الزَّبِيبِ خَمْرًا وَمِنَ التَّمْرِ خَمْرًا وَمِنَ الْعَسَلِ خَمْرًا " .
বর্ণনাকারী নু'মান বিন বাশীর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: গম থেকে শরাব হয়, বার্লি থেকে শরাব হয়, আংগুর থেকে শরাব হয়, খেজুর থেকে শরাব হয় এবং মধু থেকে শরাব হয়।
তাহকীক আলবানীঃ সহিহ।[৩৩৭৯] তিরমিযী ১৮৭২, আবূ দাউদ ৩৬৭৬, ৩৬৭৭, সহীহাহ ১৫৯৩, মিশকাত ৩৬৪৭। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী সারিয়্যা বিন ইসমাইল সম্পর্কে আবু বাকর আল-বাযযার বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি দুর্বল। আহমাদ বিন হাম্বল বলেন, মানুষ তার হাদিস বর্জন করেছে, তিনি নির্ভরযোগ্য নয়। ইবরাহীম বিন ইসহাক বলেন, তার মাঝে দুর্বলতা রয়েছে। ইমাম যাহাবী তাকে বর্জন করেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২১৯৩, ১০/২২৭ নং পৃষ্ঠা)উক্ত হাদিসটি সহীহ কিন্তু সারিয়্যা বিন ইসমাইল এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ২৫৩ টি শাহিদ হাদিস রয়েছে, ২০ টি খুবই দুর্বল, ৭১ টি দুর্বল, ৭৪ টি হাসান, ৮৮ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ৫৫৮৮, তিরমিযি ১৮৭২, আবু দাউদ ৩৬৬৯, ৩৬৭৬, ৩৬৭৭, ৩৬৮৩, আহমাদ ৫৯৫৬, ১৫১৩১, ১৭৫১৩, ১৭৫৭৪, ১৭৫৭৫, ১৭৮৮৬, ১৭৯৪০, দারাকুতনী ৪৫৯৬, ৪৫৯৭, ৪৫৯৯, ৪৬০০, মুসান্নাফ আবদুর রাযযাক ১৩৫৫৫, ১৭০৮০, মু'জামুল আওসাত ১১০৩, ৫৭১২, ৭২৮৫।
৩০/৬. অধ্যায়ঃ
শরাবের উপর দশ প্রকারের অভিসম্পাত করা হয়েছে।
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৩৮০
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَمُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ الْغَافِقِيِّ، وَأَبِي، طُعْمَةَ مَوْلاَهُمْ أَنَّهُمَا سَمِعَا ابْنَ عُمَرَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لُعِنَتِ الْخَمْرُ عَلَى عَشَرَةِ أَوْجُهٍ بِعَيْنِهَا وَعَاصِرِهَا وَمُعْتَصِرِهَا وَبَائِعِهَا وَمُبْتَاعِهَا وَحَامِلِهَا وَالْمَحْمُولَةِ إِلَيْهِ وَآكِلِ ثَمَنِهَا وَشَارِبِهَا وَسَاقِيهَا "
বর্ণনাকারী ইবনু উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মদ-এর উপর দশভাবে অভিশাপ করা হয়েছে: স্বয়ং মদ (অভিশপ্ত), মদ উৎপাদক, যে তা উৎপাদন করায়, এর বিক্রেতা, এর ক্রেতা, এর বহনকারী, তা যার জন্য বহন করা হয়, এর মূল্য ভোগকারী, তা পানকারী ও তা পরিবেশনকারী (এদের সকলেই অভিশপ্ত)।
তাহকীক আলবানীঃ সহিহ।[৩৩৮০] আবূ দাউদ ৩৬৭৪, আহমাদ ৫৬৮৩, মিশকাত ২৭৭৭, ইরওয়া ১৫২৯, রাওদুন নাদীর ৫৪৬। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আবদুল আযীয বিন উমার সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহন করা যায়। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। আবু হাফস উমার বিন শাহীন ও আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি সিকাহ। আবু মুসহির আল-গাসসানী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। ইমাম যাহাবী তাকে সিকাহ বলেছেন। আবদুল আ'লা বিন মুসহির বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৪৬৪, ১৮/১৭৩ নং পৃষ্ঠা)